আইন-আদালত
সুপ্রিম কোর্টের আইনজীবী রঞ্জুর ওপর হামলা: যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার জোরালো দাবি শিশির মনিরের
- আপডেট সময়ঃ ০৫:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৭ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি অবিলম্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনে জামায়াত সমর্থিত আইনজীবীদের সংগঠন ‘বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল’-এর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
বারবার পরিচয় দেওয়ার পরও হামলা: শিশির মনির:
সমাবেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, “অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে, বারবার নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন—‘আমি অমুক নই, আমার নাম রঞ্জু। আপনি আমাকে চেনেন। আমি ফেসবুকে অ্যাক্টিভ। আমি লইয়ার্স কাউন্সিল এবং জামায়াতে ইসলামীর লোক।’ কিন্তু এত পরিচয় দেওয়ার পরও তাকে জোরপূর্বক সেখান থেকে বের করে নিয়ে রড দিয়ে পেটানো হয়েছে।”
সরকারকে উদ্দেশ করে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “এই অরাজক পরিস্থিতি যদি আপনারা বন্ধ করতে না পারেন, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিজেরাই খারাপ করতে বাধ্য করছেন।”
অভিযুক্তের ছবি মোড়ে মোড়ে টাঙানোর আল্টিমেটাম:
ঘটনার আইনি ও সামাজিক পদক্ষেপের কথা উল্লেখ করে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। অবিলম্বে এ অপরাধে একটি মামলা রুজু করা দরকার। পাশাপাশি দায়িত্বশীলদের পক্ষ থেকে একটি আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করে ওই ব্যক্তির ছবি ও পরিচয় সুপ্রিম কোর্টের মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া উচিত।”
আইনজীবীদের ক্ষোভ ও শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “এভাবে যদি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে অসম্মান করে কেউ পার পেয়ে যায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না। আমাদের দায়িত্ব আইনের শাসনের জন্য কাজ করা। যিনি এ কাজ করেছেন, তিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন। আইনজীবীরা কীভাবে প্রতিবাদ করেন, তার ভাষা সম্ভবত তার পক্ষে বোঝা সম্ভব নয়। আগামীকালই এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং তাকে বিচারের আওতায় আনা সবার স্বার্থেই জরুরি।”
অবিলম্বে গ্রেপ্তারের দাবি হেলাল উদ্দিনের:
প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, পেশাজীবী একজন আইনজীবীর ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট গোলাম রহমান ও অ্যাডভোকেট সাইফুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সূত্র: কালবেলা।




















