ক্রীড়া উৎসব ও ফ্যামিলি কার্ড কর্মসূচি
২২ বছর পর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসব
- আপডেট সময়ঃ ০৪:১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২২ নভেম্বর ২০২৬
দীর্ঘ প্রায় ২২ বছর পর হাওর-বাওরবেষ্টিত সুনামগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর জেলা শহরের সুনামগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ঐতিহ্যবাহী স্থানীয় খেলাধুলা উৎসব ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলাধুলা উদ্বোধন এবং উপভোগ করবেন তিনি। একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলায় ‘ফ্যামেলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ও উপস্থিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে এবং ওইদিনের ক্রীড়া উৎসবকে সফল করতে ইতিমধ্যে মাঠে নেমেছেন স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঐতিহাসিক এই আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা ডাকা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নুর আলম রোববার দুপুর ২টার দিকে জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুনামগঞ্জের ক্রীড়া উৎসব সফল করার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জেলার পাঁচজন সংসদ সদস্যকে নিয়ে ওই সভায় বসবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করে জানান, ১২ ডিসেম্বর জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নানা খেলার পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় রাজনীতিক তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন। সে সময় তিনি শহরের পুরাতন বাসস্টেশনে জনসভায় বক্তব্য দেন। পরবর্তীতে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য (প্রয়াত) নজির হোসেনের আমন্ত্রণে ওই নির্বাচনী এলাকার টেকেরঘাট ও জামালগঞ্জে দুটি পৃথক সমাবেশে অংশ নিয়েছিলেন।
দীর্ঘ বিরতির পর জেলা সদরে (সুনামগঞ্জ-৪ আসনে) প্রধানমন্ত্রীর আগমনের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের আশা, ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজন, নতুন কুঁড়ি স্পোর্টস এবং কল্যাণমূলক কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে দিনটি সুনামগঞ্জের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।



















