প্রধানমন্ত্রী আসার খবরে ২০ বছরের ময়লার ভাগাড়ে দেওয়া হলো বালু চাপা
- আপডেট সময়ঃ ০৩:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে সামনে রেখে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় ২০ বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড় বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লাও সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার কিশোরগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে গত এক সপ্তাহ ধরে সদর উপজেলার খিলপাড়া এলাকায় মহাসড়কের পাশে থাকা ময়লার স্তূপের কিছু অংশ সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ময়লার স্তূপেও একইভাবে বালুচাপা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খিলপাড়া এলাকায় প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে দুই দশক ধরে ময়লা ফেলা হচ্ছে। শহরের বাজার ও বাসাবাড়ির পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্যও সেখানে ফেলা হয়। কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার কিছু এলাকার ময়লাও ওই স্থানে ফেলা হয়ে থাকে।
দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় পড়ে থাকা এসব বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের বাসিন্দা ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির সময় ময়লা পচে সড়কে পানি ও আবর্জনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা ময়লার ভাগাড়টি সরানোর দাবি জানিয়ে এলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। এখন প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে তড়িঘড়ি করে ময়লা ঢেকে দেওয়া হচ্ছে।
খিলপাড়া এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, ওই সড়ক দিয়ে চলাচলের সময় ময়লার দুর্গন্ধে টেকা দায় হয়ে যায়। বৃষ্টির সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। ময়লা অপসারণের জন্য একাধিকবার আবেদন করেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ময়লা বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।
কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার অধিদপ্তরের কিশোরগঞ্জের উপপরিচালক জেবুন নাহার শাম্মী বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে যত্রতত্র ময়লা না ফেলতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। মহাসড়কের পাশের ময়লার জায়গাটি আপাতত অস্থায়ীভাবে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।
তিনি জানান, ওই এলাকায় স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। কয়েক দিন পর প্রকল্পটি চালু করা সম্ভব হতে পারে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ময়লা ব্যবস্থাপনার জন্য কয়েক বছর আগে প্রায় ১০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হলেও লোকবলসংকটের কারণে সেটি এখনো চালু করা যায়নি। ফলে দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশেই উন্মুক্তভাবে বর্জ্য ফেলা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাময়িকভাবে ময়লা ঢেকে দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ভাগাড়টি স্থায়ীভাবে সরিয়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।




















