অভিযান
সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্স অভিযান: ২ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময়ঃ ১০:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২২ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী পৃথক একটি মামলায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার সংশ্লিষ্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুর রহমান মনি অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে তাহিরপুর থানা পুলিশ, নৌ-পুলিশ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সমন্বিতভাবে সার্বিক সহযোগিতা প্রদান করেন। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, নদী ও জলাশয়ের পরিবেশ, জীববৈচিত্র্য এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।



















