ছাতক ও দিরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন ৬ জন
- আপডেট সময়ঃ ০৯:৪৪:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের ছাতক ও দিরাই উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ মোট ৬ জন নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে এই দুর্ঘটনাগুলো ঘটে। এর মধ্যে ছাতকের জালালপুরে বাসের ধাক্কায় ৫ জন এবং দিরাই-মদনপুর সড়কে বাস চাপায় এক নারী নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা সিলেটের দিকে যাচ্ছিল। পথে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘রিফাত পরিবহন’ নামের একটি বাসের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করার প্রক্রিয়া চলছে।
এদিকে একই দিন সুনামগঞ্জ সদর উপজেলার দিরাই-মদনপুর সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা এক নারী (৪০) ঘটনাস্থলেই প্রাণ হারান।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার জানান, ছাতকের ঘটনায় ৫ জন এবং দিরাই-মদনপুর সড়কে একজনসহ জেলায় মোট ৬ জন নিহত হয়েছেন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে; পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।











