আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ সংলাপে বসছে -ইসি
- আপডেট সময়ঃ ০১:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ২৩ নভেম্বর ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ ভাগে—সম্ভাব্য ২৯ বা ৩০ নভেম্বর থেকে—তিন দিনব্যাপী এই সংলাপ শুরু হতে পারে। তফসিল ঘোষণার পূর্বে আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই সংলাপ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
সংলাপ ও তফসিলের সময়সূচি:
নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি তৈরি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে—অর্থাৎ আগামী ডিসেম্বরের প্রথমার্ধে—সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা প্রথম ধাপের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছে কমিশন।
নির্বাচন কমিশনার ও সচিবের বক্তব্য:
সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের পাশাপাশি পরবর্তী সময়ে নতুন নিবন্ধন পাওয়া দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে ইসি। তিনি বলেন, ইউপি নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, একটি ভালো নির্বাচন সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ভূমিকার ওপর নির্ভর করে। নির্বাচনের আগে কেন্দ্রীয়ভাবে ও এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের মধ্যেই দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে এবং আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা সভাসহ আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে।
এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে এবং স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে তাদের মতামত নেওয়া হবে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটগ্রহণ:
সম্প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে অনুষ্ঠেয় নির্বাচনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী ধাপগুলোর বিস্তারিত চিত্র নিচে তুলে ধরা হলো:
নির্বাচনের ধাপ ভোটগ্রহণের তারিখ (২০২৭) উপজেলার সংখ্যা ইউনিয়ন পরিষদের সংখ্যা:
•প্রথম ধাপ ২১ জানুয়ারি ১২৭টি ১,০৪২টি
•দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি ১২৫টি ১,০৬৯টি
•তৃতীয় ধাপ ২৯ এপ্রিল ১২০টি ১,০২৪টি
•চতুর্থ ধাপ ১৩ মে ৯৬টি ৮১৩টি
•পঞ্চম ধাপ ২৭ মে ৪০টি ৩৮৪টি
✓সর্বমোট ৫টি ধাপ ৫০৮টি ৪,৩৩২টি ।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বর্তমানে কোনো প্রতিবন্ধকতা নেই এবং সকল পক্ষের সহযোগিতায় ২০২৭ সালের মে মাসের মধ্যেই দেশের তৃণমূল পর্যায়ের এই বৃহৎ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।




















