১০০ প্রকল্পের চেক বিতরণ ও ৭৭টির লটারি সম্পন্ন
সুনামগঞ্জ জেলা পরিষদের ১৭৭ প্রকল্পে বরাদ্দের পরিমাণ ৬ কোটি টাকারও বেশি
- আপডেট সময়ঃ ০৭:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২৩ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জ জেলা পরিষদের আওতায় জেলার বিভিন্ন উপজেলায় ১৭৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ছয় কোটি পাঁচ লাখ টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি প্রকল্পের অনুকূলে তিন কোটি টাকার বেশি অর্থের চেক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ২৩টি প্যাকেজে বাকি ৭৭টি প্রকল্পের জন্য তিন কোটি পাঁচ লাখ টাকার ঠিকাদার নির্বাচনের লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এই চেক হস্তান্তর ও লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, গির্জাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেওয়া হয়।
কাজের গুণগত মানে কোনো ছাড় নয়:
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, “আজ সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। জেলা পরিষদের পক্ষ থেকে ১০০টি প্রকল্পে তিন কোটিরও বেশি টাকা সরাসরি প্রতিষ্ঠানের অনুকূলে হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।”
দরপত্রের মাধ্যমে বরাদ্দকৃত প্রকল্পগুলোর বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের জন্য তিন কোটি পাঁচ লাখ টাকার লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় রাস্তা, সেতু ও কালভার্টসহ জনগুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন করা হবে। তবে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। দরপত্রের শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হলে কিংবা কাজে কোনো অনিয়ম ও নিম্নমানের প্রমাণ পাওয়া গেলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
প্রধানমন্ত্রীর আসন্ন সুনামগঞ্জ সফর নিয়ে প্রত্যাশা’
বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সুষম উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা পরিষদে এই উন্নয়ন বরাদ্দ এসেছে এবং আগামী দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সুনামগঞ্জ সফরের প্রসঙ্গ উল্লেখ করে মো. মিজানুর রহমান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আশাবাদের সৃষ্টি হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় খেলাধুলা (কান্ট্রি গেমস) এবং ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি আরও যোগ করেন, “প্রধানমন্ত্রীর এই সফরে সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের সমস্যা ও প্রাণের দাবিগুলো তুলে ধরা হবে। স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও জেলার জরুরি উন্নয়ন প্রকল্প ও প্রয়োজনীয়তার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে। এই সফরের মধ্য দিয়ে সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”
অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তালিকাভুক্ত ঠিকাদাররা উপস্থিত ছিলেন।




















