বর্মাউত্তরে মাদরাসা নিয়ে বিরোধ, গ্রামবাসীকে ‘নির্ভয়ে চলাচলের’ আহ্বান বিএনপি নেতা সেলিমের
- আপডেট সময়ঃ ১১:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ০২ অক্টোবর ২০২৬
মাদরাসার এক শিক্ষার্থীকে হয়রানির ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা/মতলবের মোহনপুর ইউনিয়নের বর্মা উত্তর ও রামনগর গ্রামবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একটি পক্ষের উসকানিতে বর্মা উত্তর গ্রামকে অবরুদ্ধ করে রাখার পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে অবরুদ্ধ ও আতঙ্কিত গ্রামবাসীকে স্বাভাবিক চলাচলের অভয় দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাত ৮টার দিকে বর্মা উত্তর গ্রামে উপস্থিত হন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এক মাদরাসা শিক্ষার্থীর হয়রানির ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের মুহতামিম আব্দুর রহমান কফিলের পক্ষে অবস্থান নেন বর্মা উত্তর গ্রামের বাসিন্দারা। ওই ঘটনার জেরে রামনগরের কামরুল মাওলানা বর্মা উত্তর গ্রামের ক্ষুব্ধ কয়েকজন বাসিন্দার হাতে লাঞ্ছিত হন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার লাঠিসোটা নিয়ে বর্মা উত্তর গ্রামে এসে মহড়া দেন রামনগর গ্রামের একদল লোক। অভিযোগ উঠেছে, এ সময় বাণীপুর গ্রামের কিছু লোক উসকানি দিয়ে অবরুদ্ধ করে রাখে বর্মা উত্তর গ্রামবাসীকে। একই সঙ্গে স্থানীয়দেরকে অব্যাহত হুমকি-ধমকি দেওয়া হয়। খবর পেয়ে মোহনপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করলেও বাণীপুর গ্রামের একটি পক্ষের উসকানিমূলক অবস্থানের কারণে তাৎক্ষণিক কোনো সমাধান পাওয়া যায়নি।
শুক্রবার রাতে বিএনপি নেতা মো. সেলিম দলীয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরাসরি বর্মা উত্তর গ্রামে যান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “কাউকে অবরুদ্ধ রাখা বা হুমকি দেওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আপনারা কোনো ধরনের উসকানিতে পা দেবেন না। মুক্ত ও স্বাভাবিক পরিবেশে আপনারা চলাফেরা করবেন, আপনাদের পাশে আমরা আছি।” এ সময় অবরুদ্ধ বাসিন্দারা তাঁদের সঙ্গে ঘটে যাওয়া হুমকি-ধমকির বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
এদিকে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও ঐতিহ্য বিনষ্টের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়।
পরিস্থিতি শান্ত রাখতে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মঈনুল হক শনিবার জয়নগর বাজারে এক জরুরি সভা আহ্বান করেছেন। একই সঙ্গে এলাকার সুনাম ও শান্তি রক্ষা করতে উভয় পক্ষকে ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।










