একই কায়দায় টিন কেটে দুই প্রতিষ্ঠানে হানা
সুনামগঞ্জ শহরের কোর্ট পয়েন্টে ফের দুর্ধর্ষ চুরিঃ
- আপডেট সময়ঃ ০৭:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৭৪ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ শহরের অত্যন্ত ব্যস্ততম ও জনবহুল এলাকা কোর্ট পয়েন্টে অবস্থিত দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ফের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এর আগেও ঠিক একই কায়দায় প্রতিষ্ঠান দুটি চুরির শিকার হয়েছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ঘনবসতিপূর্ণ ও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এমন গুরুত্বপূর্ণ এলাকায় বারবার একই কৌশলে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো: মা ভেরাইটিজ ষ্টোর এবং প্রত্যাশা ট্যুরস এন্ড ট্রাভেলস
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোর চক্রটি রাতের আঁধারে ভোর ৪ টার পরে দোকান দুটির ওপরের চালের স্ক্রু-নাট খুলে ও টিন কেটে ভেতরে প্রবেশ করে।
ভেতরে ঢুকে তারা দোকানের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে এবং বিভিন্ন মালামাল রাখার কাচের গ্লাস ও তাক ভাঙচুর করে। এরপর তারা দোকানের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে তছনছ করে ফেলে।
মা ভেরাইটিজ ষ্টোরের মালিক ফকরুল ইসলামের বিবরণ অনুযায়ী, চোরেরা দোকানের চালের টিন কেটে ভেতরে নেমে সিসিটিভি ক্যামেরা ও লাইট ভেঙে ফেলে।
পরবর্তীতে দোকানের ক্যাশ বাক্স ও বিভিন্ন তাকে থাকা সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ, প্যারাসুট ও বেলিফুল তেল (ছোট-বড় সাইজ) এবং বিভিন্ন প্রসাধন সামগ্রীসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া প্রত্যাশা ট্যুরস এন্ড ট্রাভেলস প্রতিষ্ঠানেও একই কায়দায় হানা দিয়ে সবকিছু তছনছ করে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা কোর্ট পয়েন্ট হওয়া সত্ত্বেও এখানে বারবার চুরি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকে নির্দেশ করে। বিশেষ করে এই দুটি প্রতিষ্ঠানে এর আগেও ঠিক একই কায়দায় চুরি সংঘটিত হয়েছিল, যার ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছিলেন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
উল্লেখ্য যে, ঘটনাস্থলের ৩০০ গজের মধ্যে এসআরবি (র্যাব) অফিস।
এলাকার ব্যবসায়ীরা অবিলম্বে এই দুঃসাহসিক চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা এবং শহরের কোর্ট পয়েন্টসহ সব ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।



















