দূর্ঘটনা
“সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ৪০ ফুট নিচে, ১ তরুণ ফুটবলারের মৃত্যু , আহত ২;
- আপডেট সময়ঃ ০১:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ৩১ অক্টোবর ২০২৬
সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ থেকে হাওড়ের পানিতে পড়ে সাইফুর রহমান আলিম (২২) নামের এক তরুণ ফুটবলার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই আরোহী।
বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে; সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্ত্তনীয়া গ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান আলিম বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র। আহত অপর দুই আরোহী হলেন— একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়েছ আহমদ (২১) এবং আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।
দুর্ঘটনার বিবরণ;
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তিনজন মিলে একটি মোটরসাইকেলে চড়ে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফেরার পথে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বির্ত্তনীয়া গ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু সড়ক থেকে প্রায় ৪০ ফুট নিচে হাওড়ের পানিতে ছিটকে পড়েন তারা। সড়কের পাশে বসানো ঢালাই করা ব্লকে মাথায় বা শরীরে তীব্র আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই সাইফুরের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভোর চারটার দিকে আহত ওয়েছ আহমদ স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সাইফুরের নিথর ও রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। সেখান থেকে দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসকরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে সিলেট শহরের দুটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বজনদের শোক ও প্রবাসযাত্রার প্রস্তুতি;
নিহত সাইফুর রহমান আলিম স্থানীয় পর্যায়ে একজন উদীয়মান ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক এই প্রয়াণে রিফাতপুর গ্রামসহ পুরো বালাগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, সাইফুরের বৈধ উপায়ে ইউরোপে যাওয়ার প্রক্রিয়া (প্রসেসিং) চলছিলো। কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনা তার সব স্বপ্ন কেড়ে নিল।
প্রশাসনের বক্তব্য;
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম জানান, সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।


















