সুনামগঞ্জে জলাশয় দখল নিয়ে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৭
- আপডেট সময়ঃ ০৫:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ২৬৭ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২১ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি জলাশয় দখল ও পাড়ে ঘর নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকালে দিরাই পৌরসভার ঘাগটিয়া ও সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
ঘটনার সূত্রপাত ও সংঘর্ষ:
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঘাগটিয়া গ্রামের ৪ থেকে ৫ জন ব্যক্তি চিতলিয়া গ্রামের একটি জলাশয় দখলের উদ্দেশ্যে সেখানে যান এবং জলাশয়ের পাড়ে ঘর নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি টের পেয়ে চিতলিয়া গ্রামের বাসিন্দারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়।
এরই জেরে শনিবার সকালে চিতলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা ঘাগটিয়া গ্রামের পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় বাধার মুখে পড়েন। ঘাগটিয়া গ্রামের কয়েকজন তাদের বাজারে যেতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আহতদের পরিচয় ও চিকিৎসা:
সংঘর্ষে আহতদের মধ্যে ঘাগটিয়া গ্রামের বাসিন্দা হলেন— নয়ন মিয়া (২০), সুমন (২২), তাহির মিয়া (১৪) ও তাজুল ইসলাম (৩৮)।
অন্যদিকে, চিতলিয়া গ্রামের আহতরা হলেন— সেতু চৌধুরী (৪০), নকুল দাস (৪৮), বিপলু (২৮), ইন্দ্রজিত (৩০), ফুলকান্ত (৫০), জগৎজ্যোতি (৪৫), হেমেন্দ্র দাস (৬০), জয় দেব দাস (৯০), আউলা চরন দাস (৬০), রতন দাস (৬৫), বিরাজ দাস (২৮), কালি কৃষ্ণ (৫৪) ও ব্রজবাসী (৪৫)।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রশান্ত দাস তালুকদার জানান, সংঘর্ষে গুরুতর আহত তাজুল ইসলাম ও সেতু চৌধুরীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি:
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



















