টিআইবি’র সুনামগঞ্জ সনাকের (সচেতন নাগরিক কমিটি) নতুন সভাপতি হলেন অ্যাড. আইনুল ইসলাম বাবলু
- আপডেট সময়ঃ ০৮:৫৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ২০ নভেম্বর ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু। আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট নাজনীন বেগম ও অ্যাডভোকেট খলিল রহমান।
বুধবার (বিকেলে) সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সনাকের নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়।
সনাকের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় সনাকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বিশিষ্ট সমাজকর্মী নুরুর রব চৌধুরী, রুনা শাহীন আরা লেইছ, এনামুল হক চৌধুরী, সঞ্চিতা চৌধুরী, সুখেন্দু সেন, হাছিনা আকতার চৌধুরী, অ্যাডভোকেট হেলিনা আখতার, রাজু আহমেদ, রীনা ঘোষ, দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াস এবং মো. আশরাফুজ্জামান বাবলু।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সনাকের সদস্যবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু তার ওপর আস্থা রাখার জন্য সনাক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সুনামগঞ্জে টিআইবির দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ ক্ষেত্রে তিনি সনাক সদস্য, ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট) সদস্যসহ জেলার সর্বস্তরের নাগরিক ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।




















