অগ্নিসংযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাফির বাড়িতে অগ্নিসংযোগ
- আপডেট সময়ঃ ০৮:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ২০ নভেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাফির পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের সামনের বারান্দায় শপিং ব্যাগের সঙ্গে পেট্রল মিশিয়ে বিদ্যুতের মিটারের ঠিক নিচে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে পেট্রলের তীব্র গন্ধে রাফির মায়ের ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে বারান্দায় আগুন লাগার বিষয়টি টের পান এবং পরিবারের অন্যদের জাগিয়ে তোলেন। পরিবারের সদস্যরা সজাগ হয়ে যাওয়ায় আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উদ্দেশ্যেই বিদ্যুতের মিটারের কাছে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
ঘটনা প্রসঙ্গে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, গভীর রাতে কে বা কারা ওই বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে পরিবারের সদস্যরা সময়মতো জেগে ওঠায় দুর্বৃত্তরা আগুন বেশি দূর ছড়াতে পারেনি। খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।




















