অগ্নিসংযোগ
জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ
- আপডেট সময়ঃ ১০:০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২০ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের জামালগঞ্জ বাজারে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মালিকানাধীন একটি ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা মার্কেটটিতে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত বাজারের ওই ফার্নিচার মার্কেটে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় এক ঘণ্টার সম্মিলিত চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয়দের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হওয়ায় বাজারের অন্যান্য দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে যুবদল নেতা মাহবুবুর রহমান বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার ফার্নিচার মার্কেটে আগুন দিয়েছে। এ ঘটনায় তার প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য জানতে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, গভীর রাতে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।




















