সুনামগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকারে মাঠে ‘মাদকবিরোধী ঐক্য পরিষদ’
- আপডেট সময়ঃ ১২:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট
সুনামগঞ্জ ।। ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে মাঠ পর্যায়ে ধারাবাহিকভাবে অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ‘মাদকবিরোধী ঐক্য পরিষদ’। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের নদী-সংলগ্ন ইব্রাহীমপুর ও জগন্নাথপুর এলাকায় সাপ্তাহিক অভিযান পরিচালনা করেছে সংগঠনটি।
সংগঠনটির দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—সুনামগঞ্জ শহর ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার একটি অংশ ইব্রাহীমপুরকেন্দ্রিকভাবে সক্রিয় রয়েছে। পরে তথ্য যাচাই করে স্থানীয়দের সহযোগিতায় কয়েকজন কথিত মাদক ব্যবসায়ীর বাড়ি ও আস্তানায় অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্টদের ভাষ্য, তাদের উপস্থিতির খবর পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ইব্রাহীমপুর গ্রামের বসু নামে এক ব্যক্তিকে তার বাড়িতে পাওয়া না গেলেও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাছাকাছি একটি দোকান থেকে আটক করা হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
মাদকবিরোধী ঐক্য পরিষদের অভিযোগ, বসু দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকসেবীদের নিয়ে ইয়াবা সেবনের আসর বসাতেন। স্থানীয়রা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে বিরোধ ও হামলার ঘটনাও ঘটেছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
অভিযানের পর ইব্রাহীমপুর এলাকার রাজীব ও মামুন নামে আরও দুই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, অভিযানের খবর পেয়ে ওই দুই ব্যক্তি পেছনের গলি দিয়ে পালিয়ে যান।
এদিকে, অভিযান শেষে সংগঠনের সদস্যরা এলাকা ত্যাগ করার পর স্থানীয় এক সদস্যের ওপর রাজীব, মামুন ও তাদের সহযোগীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মাদকবিরোধী ঐক্য পরিষদ। পরে বিষয়টি সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখকে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠান বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সরে যায় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্নভাবে হয়রানি ও হামলার শিকার হতে হয়। এ কারণে মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন তারা।
মাদকবিরোধী ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ভয়ভীতি বা হামলার মাধ্যমে তাদের সামাজিক আন্দোলন বন্ধ করা যাবে না। পুরো সুনামগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে তারা ধারাবাহিকভাবে মাঠে কাজ করে যাবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। একই সঙ্গে মাদক নির্মূলে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
অভিযানে সহযোগিতা এবং পরবর্তী সময়ে পুলিশি সহায়তা দেওয়ায় সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাদকবিরোধী ঐক্য পরিষদ।
সংগঠনটির ভাষ্য—“আমাদের ঐক্য, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ।” মাদকমুক্ত সুনামগঞ্জ গড়তে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে তারা।




















