তাহিরপুরের বাদাঘাটে সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীর অতর্কিত হামলা
- আপডেট সময়ঃ ১১:০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ১২৫ বার পড়া হয়েছে।
তাহিরপুরে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি’র উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার বাদাঘাট বাজারে বাদাম পট্টিতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা করেছেন।
জানা যায়, সম্প্রতি সাংবাদিক কামাল হোসেন দৈনিক সংবাদসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিল।
রবিবার সকালে যাদুকাটা নদীতে মানববন্ধনের সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়ার সময়ে বাদাম পট্রিতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বাদল মিয়া (৪৬), মনির মিয়া (২৬), সাব্বির মিয়া (২২), সুরত জামাল (৫০) তার পথরোধ করে অতর্কিত হামলা চালায় একপর্যায়ে তার চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে তাদের কবল থেকে রক্ষা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এই ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন রাফি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।











