‘দিরাইয়ে ‘বিকাশ ডিস্ট্রিবিউশনের ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের মামলার- প্রধান আসামি আটক
- আপডেট সময়ঃ ১১:২১:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৭৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২৬ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জের দিরাইয়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বিজয় কুমার বৈদ্যকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পূর্ব নতুনপাড়া এলাকা থেকে বাদীপক্ষের লোকজন তাঁকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করেন। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে সংশ্লিষ্ট জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, দিরাই পৌর শহরের সেন মার্কেটে অবস্থিত বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ‘মেসার্স মৌলা বক্স করিম বক্স’-এর ব্যবসায়িক লেনদেনের অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষায় (অডিট) ১ কোটি ৮৬ লাখ ১ হাজার ৬৫৫ টাকার বিশাল গরমিল ধরা পড়ে। এই আর্থিক অনিয়মের ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আশরাফুল আলম বাদী হয়ে দিরাই আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর. মামলা (নম্বর: ৭৮/২০২৬) দায়ের করেন।
মামলায় প্রতিষ্ঠানটির ক্যাশিয়ার বিজয় কুমার বৈদ্যকে ১ নম্বর এবং অফিস ইনচার্জ রুবেল তালুকদারকে ২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া রাজীব তালুকদার ও ভানু সরকারকে মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮, ৪২০, ৪০৬ ও ৩৪ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং যৌথভাবে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে প্রতিষ্ঠানের ব্যবসায়িক তহবিলের বড় অংকের অর্থ আত্মসাৎ করেছেন। পরবর্তীতে অডিটে অনিয়ম ধরা পড়ার পর আসামিরা নির্দিষ্ট সময়ের মধ্যে ধাপে ধাপে পুরো অর্থ পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও করেছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও তারা প্রতিশ্রুতি রক্ষা না করে অর্থ পরিশোধের বিষয়ে টালবাহানা শুরু করেন। বাধ্য হয়ে বকেয়া অর্থ উদ্ধার ও আইনি প্রতিকার পেতে আদালতের দারস্থ হন ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।
এদিকে সোমবার দুপুরে পৌর শহরের পূর্ব নতুনপাড়া এলাকায় পলাতক মামলার প্রধান আসামি বিজয় কুমার বৈদ্যকে ঘোরাফেরা করতে দেখে বাদীপক্ষের লোকজন তাঁকে হাতেনাতে আটক করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম জানান, “পূর্ব নতুনপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজনের মাধ্যমে সি.আর. মামলার ১ নম্বর আসামিকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”




















