দোয়ারাবাজারে ছুরিকাঘাতে শিশু হত্যা
- আপডেট সময়ঃ ০৯:৫৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে অতি তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে হোসেন মিয়া (১২) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের পশ্চিম বাজারে এই ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ছুরিকাঘাতকারী হোসাইন (১৮) একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। জানা যায়, নিহত শিশু ও অভিযুক্ত উভয়েই প্রতিবেশী। টাকা নিয়ে উভয়ের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুইটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা ফাতেমা বেগম বলেন, বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে আসে। গোলাম মর্তুজার ছেলে হোসাইন আমার ছেলের কাছে টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে নিতে চায়, এসময় আমার ছেলে দৌড়ে সরে যায়। এরপরও আমার ছেলেকে দৌড়িয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।











