মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ার খবর সঠিক নয়
- আপডেট সময়ঃ ০৮:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।
মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ার খবর সঠিক নয়
৮জুলাই২০২৬
হক বার্তা ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকের বরাত দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত হওয়ার সংবাদ যে প্রচার হচ্ছে তাতে প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে
প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে গেছে মর্মে বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তার কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে কমিউনিটির নেতারা ও কুয়ালালামপুরস্ত বাংলাদেশ দূতাবাসের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে নাম না প্রকাশ শর্তে বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়েছে এমন কোনো নির্দেশনা বা চিঠি আমরা পাইনি।
প্রবাসীরা বলেন, এ বিষয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা জারি করা হয়নি এমনকি দেশটির গণমাধ্যম কোনো সংবাদ প্রচার হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকের বরাত দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত হওয়ার সংবাদ যে প্রচার হচ্ছে তাতে প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
মালয়েশিয়া প্রবাসী কমিউনিটির নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর ভিজিট করে যাওয়ার পর আমরা খুবই আশাবাদী দেশটিতে অবৈধ অভিবাসীদের বৈধতাসহ কলিংয়ের মাধ্যমে শ্রমবাজার চালু হবে। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাত দিয়ে বাংলাদেশে যে বলা হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার চালু বা উম্মুক্ত হয়েছে সেটার সত্যতা আমরা এখনো পাইনি। এমনকি মালয়েশিয়ার সরকার এমন ঘোষণা দেয়ার খবর আমরা কুয়ালালামপুর বসে পাইনি তাই প্রবাসীদের মধ্যে রীতিমতো বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এই পরিস্থিতিতে মালয়েশিয়া শ্রমবাজার খোলার সঠিক তথ্য যাচাই-বাছাই না করে কারো সাথে কোনো লেনদেন না করার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম হিরণ বলেন, ‘মালয়েশিয়ার সরকার হতে শ্রমবাজার উম্মুক্ত হওয়ার চুড়ান্ত কোনো ঘোষণা আসেনি সুতরাং এই মুহূর্তে কারো হাতে পাসপোর্ট ও টাকা পয়সা দিয়ে মেডিক্যাল করা থেকে বিরত থাকুন।’
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মঞ্জুরুল করিম চৌধুরীকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, মালয়েশিয়া শ্রমবাজার খুলে দেয়া হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই বা দেশটির সরকার কোনো চিঠি দেয়নি।
সুত্র নয়া দিগন্ত















