যুবদলনেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, ফের বহিষ্কারের সিদ্ধান্ত
- আপডেট সময়ঃ ১০:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনার বারহাট্টায় এক বিধবা নারীকে মারধরের অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয় ।
এর আগে, সোমবার রাতে বারহাট্টা উপজেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক। পরিদর্শনের এক পর্যায়ে অর্চনা রানী দাস নামে এক বিধবা নারী সংসদ সদস্যের পায়ে পড়ে আকুতি জানান এবং অভিযোগ করেন যে, মোজাম্মেল হক সোহেল তাকে মারধর করেছেন।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটি সোহেলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এক বিষয়সূত্রে জানা যায়, এর আগেও গত ৪ জুলাই অন্য ঘটনায় মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ৩০ জুলাই তার বহিষ্কারাদেশ বাতিল করা হয়।
এবারের বহিষ্কার ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোজাম্মেল হক সোহেল বলেন, ‘প্রতিবেশী ওই নারীর পরিবারকে মেয়ের বিয়ের জন্য সাত বছর আগে এক লাখ টাকা ধার দিয়েছিলাম। দীর্ঘদিনেও সেই টাকা ফেরত না দেওয়ায় তাদের সঙ্গে সামান্য তর্কবিতর্ক হয়েছিল।’
মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ওই নারীকে প্ররোচিত করে সংসদ সদস্যের কাছে পাঠিয়েছে। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে।




















