শান্তিগঞ্জে অতর্কিত হামলায় ১ জনের মৃত্যু, গ্রেফতার ৪
- আপডেট সময়ঃ ০৮:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক পক্ষের অতর্কিত হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলী (৭০) পক্ষ এবং আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে আস্তমা পয়েন্টে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
এরপর রাত আনুমানিক ১০টার দিকে আস্তমা পয়েন্ট থেকে কিছু দূরে নজিব আলীর বাড়ির পাশের মোবাইল টাওয়ারের সামনে পুনরায় অতর্কিত হামলা চালায় নজিব আলীর ছেলে গংরা। এ ঘটনায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় আরিছ আলী পক্ষের মৃত. আলকাছ আলীর ছেলে রুস্তম আলী (৩৫) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শান্তিগঞ্জ থানার আস্তমা গ্রামের মৃত. মনফর আলীর ছেলে নজিব আলী (৭০), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ ও ছাতক থানা খুরমা ইউনিয়নের কঠালপুর নোয়াগাঁও গ্রামের মৃত. আশ্রব আলীর ছেলে জুয়েল মিয়া (৩৭) কে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হবে। এদিকে হামলায় একজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে এক পক্ষের অতর্কিত হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















