সুনামগঞ্জ জেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য (রঞ্জিত চৌধুরী রাজনকে) জেলহাজতে পাঠাল আদালত
- আপডেট সময়ঃ ০৭:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট
২৬ আগস্ট ২০২৬
সুনামগঞ্জ জেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ও বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় এবং এর আগে লক্ষণশ্রী ইউনিয়নের চেকনিখাড়া এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করার ঘটনায় দায়ের করা মামলায় রাজনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট শহরের পুরাতন বাসস্টেশনে জুলাই আন্দোলনের যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।
রাজনের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বুধবার বিকেলে এই প্রতিবেদককে জানান, মঙ্গলবার রাতে কোমরের ব্যথার চিকিৎসা নিতে এবং এলাকার অপর এক রোগীকে দেখতে সদর হাসপাতালে গিয়েছিলেন রাজন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে ৪-৫ জন তরুণ তার ওপর হামলা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ওই আত্মীয় আরও জানান, এ সময় রাজনের সঙ্গে থাকা তার ভাই টিংকু চৌধুরীর ওপরও হামলা করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিংকুকে আর পায়নি।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গ্রেপ্তার রঞ্জিত চৌধুরী রাজনকে তিনটি মামলায় আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।



















