মধ্যনগরে রুপেশ্বর বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা-বিক্ষোভ
- আপডেট সময়ঃ ০১:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৬ বার পড়া হয়েছে।
জেলার মধ্যনগর ‘দিঘর রুপেশ্বর’ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দুইটার দিকে মধ্যনগর বাজারে ইজারাদারদের অফিস ঘরে এই ঘটনা ঘটে।
ইজারাদার পক্ষের অভিযোগ, মধ্যনগর গ্রামের কয়েকজন সংঘবদ্ধভাবে বিলের মাঝখানে মাছ ধরতে যায়। পাহারাদাররা জেলেদের মাছ ধরতে বাধা—নিষেধ করে। পরে বিল থেকে তারা চলে এসে সঙ্গবদ্ধ হয়ে ইজারাদারের অফিসে গিয়ে নিজাম উদ্দিন নামে একজন পাহারাদারকে মারধর করে অফিস ঘর ভাঙচুর করে। এসময় অফিস ঘরে থাকা বিলের দীর্ঘদিনের জমানো টাকা লুটপাট করে নিয়ে যায় বলে ইজারাদারপক্ষ অভিযোগ করেন।
অন্যদিকে বাড়ির পাশে খাওয়ার জন্যে শখের বশে মাছ ধরতে গেলেও জাল ধরে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ করেন মধ্যনগর গ্রামের জোবায়ের মিয়া নামের এক যুবক। ঘটনার পরপরই মধ্যনগর গ্রামের কয়েকজন জেলে—কৃষক বিলের সীমানা নির্ধারণ করা ও ইজারাদারদের অত্যাচার বন্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে বিক্ষুব্ধরা ইজারাদারদের অফিসের পেছনে রাখা পাহারাদারের নৌকা নিয়ে থানা ঘাটে রেখে আসেন।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সুত্রঃসুনামগঞ্জেরখবর





















