দোয়ারাবাজারে মানসিক প্রতিবন্ধী শিক্ষক! সাবেক এমপির সুপারিশে নিয়োগ, পাঠদান নিয়ে প্রশ্ন…!!
- আপডেট সময়ঃ ১১:১৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / ১০৮ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত রয়েছেন এক মানসিক প্রতিবন্ধী শিক্ষক।
স্থানীয়দের অভিযোগ – তিনি স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন না, আচরণেও রয়েছে গুরুতর সমস্যা। অথচ দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস নিচ্ছেন তিনি।
বিশেষ সূত্রে জানা গেছে, ওই শিক্ষককে নিয়োগে তদবির করেছিলেন এলাকার এক প্রভাবশালী সাবেক সংসদ সদস্য। এমপির সুপারিশেই নিয়োগ পান মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। বর্তমানে তিনি বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস পরিচালনা করছেন, যেখানে শিশুদের শিখনের বদলে তৈরি হচ্ছে বিভ্রান্তি ও ভয়।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, শিক্ষকটি কখনো ক্লাসে বসে থাকেন চুপচাপ, আবার হঠাৎ হঠাৎ উল্টোপাল্টা কথা বলেন। এক শিক্ষার্থী বলে, “স্যার পড়ান না, শুধু নিজের মতো বলেন। আমরা বুঝি না।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবকের ভাষ্য, “আমরা এত কষ্ট করে সন্তানকে স্কুলে পাঠাই। কিন্তু যার নিজের কথাবার্তাই ঠিক নেই, সে আমাদের সন্তানদের কী শেখাবে?”
বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা প্রকাশ্যে কিছু বলতে চাননি, তবে নাম না প্রকাশের শর্তে একজন জানান, “সবার জানা আছে উনার সমস্যা আছে। কিন্তু এমপির কথায় নিয়োগ হয়েছে বলে কেউ মুখ খুলতে সাহস করে নাই এত দিন।”
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, বিষয়টি তাদের নজরে এসেছে। একজন কর্মকর্তা বলেন, “যদি প্রমাণ হয় তিনি মানসিকভাবে অক্ষম, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন তার চিকিৎসা চলছে”
শুধু একজন প্রভাবশালীর সুপারিশে এমন একজন মানসিকভাবে অযোগ্য ব্যক্তিকে শিক্ষক নিয়োগ দেওয়ার ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় সমাজে। সুশীল সমাজ বলছে—এটি শিশু অধিকার লঙ্ঘনের শামিল।
একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “শিক্ষা নিয়ে এমন রাজনৈতিক ছলচাতুরি আর কতদিন চলবে? মানসিক প্রতিবন্ধীকে নিয়োগ দিয়ে আসলে কার স্বার্থ রক্ষা হচ্ছে?”
দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।





















