পাকিস্তান সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ইসলামাবাদে লাল গালিচা সংবর্ধনা
- আপডেট সময়ঃ ০১:৩৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট :
সুনামগঞ্জ ।। ২৪ নভেম্বর ২০২৬
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রতিনিধিদলসহ ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
স্বাগত জানানোর সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
সফরের সময়সূচি ও প্রতিনিধিদল:
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের এই সরকারি সফরে স্পিকার পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ শহর—ইসলামাবাদ, লাহোর ও করাচি পরিদর্শন করবেন।
বাংলাদেশের এই সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি। সফরকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



















