মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশাকে খুঁজছে পুলিশ
- আপডেট সময়ঃ ০৪:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) নামে এক নারী এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্মী পলাতক থাকায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গৃহকর্মীই তাদের হত্যা করে পালিয়ে গেছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, নিহত মালাইলা আফরোজের স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রী ও কন্যার লাশ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানান। তার দেওয়া খবরের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
জানা গেছে, নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
গৃহকর্মী পলাতক, ছুরি উদ্ধার
পুলিশের একটি সূত্র বলছে, পলাতক ওই গৃহকর্মীর নাম আয়েশা। ধারণা করা হচ্ছে, সে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এছাড়া হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
তথ্যসহায়তাঃজনকন্ঠ













