আব্দুজ জহুর সেতু এলাকায় এসআরবি-৯ এর অভিযান: ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
- আপডেট সময়ঃ ০৮:৪৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২৫ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের সুরমা সেতু (আব্দুজ জহুর সেতু) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১০ হাজার পিস ইয়াবাসহ তাহিরপুর উপজেলার এক যুবককে আটক করেছে এসআরবি-৯। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের নাম জুয়েল মিয়া। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদকের একটি বড় চালান নিয়ে তাহিরপুরের দিকে যাচ্ছিলেন জুয়েল মিয়া। গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেওয়া এসআরবি-৯-এর সদস্যরা সুরমা সেতু এলাকায় অটোরিকশাটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
অভিযানের বিষয়ে এসআরবি-৯-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রুকনুজ্জামান জানান, অভিযুক্ত জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন। জকিগঞ্জ থেকে সিএনজিযোগে তাহিরপুরে ফেরার পথে সুরমা সেতু এলাকায় তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক পাচার রোধ এবং কারবারিদের নেটওয়ার্ক ভেঙে দিতে এসআরবি-৯-এর নিয়মিত নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।



















