হাওরাঞ্চলে কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট হাওর ও নদী রক্ষা আন্দোলন’এর স্মারকলিপি
- আপডেট সময়ঃ ০৭:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২৪ নভেম্বর ২০২৬
হাওরাঞ্চলে উৎপাদিত বোরো ও আমন ধানসহ অন্যান্য কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং প্রান্তিক কৃষকদের স্বার্থ রক্ষায় ছয় দফা দাবি জানিয়েছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’, সুনামগঞ্জ। এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের সামগ্রিক: খাদ্যনিরাপত্তায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিস্তীর্ণ হাওরাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর আগাম বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় নিয়ে হাওরের কৃষকরা ফসল ফলান। কিন্তু কাঙ্ক্ষিত ও ন্যায্যমূল্য না পাওয়ায় তাঁরা প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত কার্যকর ও টেকসই ব্যবস্থা না নিলে হাওরের কৃষি ও কৃষকদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
সংগঠনটির ছয় দফা দাবি:
‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উত্থাপিত ছয় দফা দাবির মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
১. সরকারি ধান ক্রয়ব্যবস্থার সংস্কার: ধান সংগ্রহে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে ইউনিয়ন পর্যায়ে কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরাসরি তাঁদের কাছ থেকে ধান কিনতে হবে। আগাম বন্যার ঝুঁকি বিবেচনায় বৈশাখের শুরুতেই ধান সংগ্রহ অভিযান চালু, হাওরাঞ্চলের জন্য বরাদ্দ বৃদ্ধি এবং ধানের আর্দ্রতা অনুযায়ী যৌক্তিক মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
২. কৃষি অবকাঠামো ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন: প্রতিবছর সময়মতো টেকসই ফসল রক্ষা বাঁধ নির্মাণ, হাওরের অভ্যন্তরে সাবমার্জিবল সড়ক এবং উঁচু ধান শুকানোর খলা তৈরি করতে হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় আধুনিক ধান সংরক্ষণাগার বা প্যাডি সাইলো ও ধান শুকানোর যন্ত্র (ড্রায়ার) স্থাপনের দাবি জানানো হয়েছে।
৩. কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও বাজারব্যবস্থার উন্নয়ন: উৎপাদন খরচ হিসাব করে সরকারি ধান ক্রয়মূল্যে কৃষকদের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ লাভ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
৪. সহজ শর্তে কৃষিঋণ ও শস্যবীমা চালু: দুর্যোগপ্রবণ হাওরের কৃষকদের সুরক্ষায় স্বল্প সুদে সহজ শর্তে কৃষিঋণ এবং কার্যকর শস্যবীমা চালুর আহ্বান জানানো হয়েছে।
৫. বাজার তদারকি ও সিন্ডিকেট দমন: কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও কারসাজি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার দাবি রয়েছে স্মারকলিপিতে।
৬. কৃষি প্রযুক্তি ও উপকরণে ভর্তুকি বৃদ্ধি: ধান কাটার ভরা মৌসুমে শ্রমিক সংকট মোকাবিলায় কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিনে ভর্তুকি বাড়ানো এবং এসব যন্ত্রপাতির সহজলভ্য মেরামতসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
স্মারকলিপির অনুলিপি কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং সিলেট বিভাগীয় কমিশনারের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহসভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু ও ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনসহ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।



















