আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাক
- আপডেট সময়ঃ ১২:৫৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।
আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাক
হক বার্তা স্পোর্টস
০৮ জুলাই ২০২৬,
ছবি সংগৃহীত
আর্জেন্টিনা যেন বিদায়ের দরজাতেই দাঁড়িয়ে ছিল। পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি, দুই গোলে এগিয়ে বিশ্বকাপের আরেকটি বড় অঘটনের গল্প লিখতে বসেছিল মিশর। কিন্তু শেষ ভাগে সব বদলে দিল বর্তমান চ্যাম্পিয়নরা। ক্রিস্টিয়ান রোমেরো, মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ০-২ থেকে ৩-২ ব্যবধানে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা।
আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই অস্বস্তিতে ছিল লিওনেল স্কালোনির দল। ১৫ মিনিটে কর্নার থেকে ইয়াসের ইব্রাহিমের হেডে এগিয়ে যায় মিশর। আর্জেন্টিনার রক্ষণে ঢিলেমির সুযোগ পেয়ে যান মিশর ডিফেন্ডার, আর সেটি কাজে লাগাতে ভুল করেননি তিনি।
চার মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউলের পর পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। বল হাতে নেন মেসি। কিন্তু তার জোরালো শট ঠেকিয়ে দেন মিশর গোলরক্ষক মোস্তফা শৌবির। বিশ্বকাপে এটি মেসির চতুর্থ পেনাল্টি মিস, আর এবারের আসরে দ্বিতীয়।
এরপর আর্জেন্টিনার চাপ বাড়তে থাকে। হুলিয়ান আলভারেজের একটি ভালো সুযোগও আটকে দেন শৌবির। মিশর তখন রক্ষণে জমাট, আর সুযোগ পেলেই সালাহ-হাসানদের গতিতে পাল্টা আক্রমণে উঠছিল। আর্জেন্টিনা বল রাখলেও আক্রমণে সেই পুরোনো নিশ্চয়তা ছিল না।
৬৭ মিনিটে ম্যাচ যেন আর্জেন্টিনার হাতছাড়া হয়ে যায়। দ্রুত পাল্টা আক্রমণে মোহামেদ সালাহর দৌড়, হাইসেম হাসানের দারুণ কাজ আর মোস্তফা জিকোর ফিনিশিংয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। তখন বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ের শঙ্কা আরও তীব্র হয়ে ওঠে।
কিন্তু এই আর্জেন্টিনা শেষ বাঁশির আগে হার মানে না। ৭৯ মিনিটে মেসির মাপা ক্রসে হেডে গোল করেন ক্রিস্টিয়ান রোমেরো। সেই গোলই আর্জেন্টিনাকে নতুন প্রাণ দেয়। চার মিনিট পর মেসি নিজেই সমতা ফেরান। পেনাল্টি মিসের হতাশা ভুলিয়ে বাঁ পায়ের শটে দলকে ম্যাচে ফেরান অধিনায়ক।
তারপর আসে শেষ আঘাত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের ক্রস কাজে লাগিয়ে হেডে গোল করেন এনজো ফার্নান্দেজ। ২-০ থেকে ৩-২, কয়েক মিনিটের ঝড়ে লেখা হয়ে যায় আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প।
বিশ্বকাপে ৮ পেনাল্টিতে চতুর্থবার ব্যর্থ মেসি
এই জয়ে দুই দশকের অপেক্ষাও ভাঙল আর্জেন্টিনা। বিশ্বকাপে আগে গোল হজম করার পর তারা শেষবার ম্যাচ জিতেছিল ২০০৬ সালে, মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে। এরপর চারবার এমন অবস্থায় পড়েও জিততে পারেনি তারা। এবার মিশরের বিপক্ষে সেই অস্বস্তিকর অধ্যায় শেষ করল স্কালোনির দল।
সুত্র এশিয়া পোস্ট

















