সিলেটে পৌঁছেই প্রচারে নামলেন তারেক রহমান: দুই মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়িতে যাত্রা
- আপডেট সময়ঃ ১১:৪৮:১০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৮১ বার পড়া হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার অভিযানে অংশ নিতে পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তার এই সফরকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। সফরসঙ্গী হিসেবে তারেক রহমানের সাথে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। রাত ৮টায় সিলেটে পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ স্থানীয় শীর্ষ নেতারা।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি সড়কপথে ওলি-আউলিয়ার স্মৃতিবিজড়িত হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। সেখানে মাজার জিয়ারত ও মোনাজাত শেষে তিনি খাদিম নগরস্থ হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। দুই মাজার জিয়ারতের মাধ্যমেই তিনি নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন।
মাজার জিয়ারত শেষে তারেক রহমানের গন্তব্য সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রাম। সেখানে তার শ্বশুর প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের পৈতৃক নিবাসে যাবেন তিনি।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আবেগঘন কণ্ঠে জানান, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ২০০৪ সালে দক্ষিণ সুরমায় দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে তারেক রহমান প্রথমবারের মতো তার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। দীর্ঘ ২১ বছর পর তিনি দ্বিতীয়বারের মতো সেখানে যাচ্ছেন।
পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটানোর পর তিনি সিলেট শহরের ‘হোটেল গ্র্যান্ড সিলেট’-এ রাত্রিযাপন করবেন।”
দলীয় সূত্রমতে, বৃহস্পতিবার সকাল থেকেই তারেক রহমান সিলেটের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন। বিএনপি চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে সিলেটে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাস্তার দুই পাশে ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী তাদের নেতাকে স্বাগত জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই সরাসরি নির্বাচনী মাঠে নামা সারা দেশের বিএনপি কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে।













